মান্দায় ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান এমপি টিপুর

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রতি শনিবার সরকারি অফিসসহ প্রত্যেকের কর্মক্ষেত্র ও বাড়ির আশপাশ পরিষ্কার করার উদ্যোগ গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। ছুটির দিনেও অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি টিপু বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।

তিনি বলেন, নিজের সন্তান ও আগামী প্রজন্মকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে হলে সপ্তাহে অন্তত একদিন বাড়ির চারপাশ পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গুর প্রকোপ দুটোই কমানো সম্ভব।

ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা ও প্লাটিলেট কাউন্ট পর্যবেক্ষণ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকের পর্যবেক্ষণে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা সহজ হয়।

প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice