পুলিশ-জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় শুরু হয়েছে নতুন অধ্যায়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর দূরদর্শী নেতৃত্ব, কঠোরতা ও মানবিকতায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন।
চলতি বছরের ২৩ জুন তিনি বোয়ালিয়া মডেল থানার দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব ভার গ্রহণের পর থেকেই তিনি প্রমাণ করেছেন পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। বোয়ালিয়া মডেল থানার ৩০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি)। দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি থানাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন। তার প্রধান লক্ষ্য ছিল থানাকে দালালমুক্ত, হয়রানিমুক্ত ও সেবামুখী করা। আজ বোয়ালিয়া থানায় এসে সাধারণ মানুষ আগের মতো ভয় বা সংকোচ বোধ করেন না। অভিযোগ নিয়ে আসা প্রতিটি মানুষ যথাযথ সম্মান ও দ্রুত সেবা পাচ্ছেন। ওসি মাছুমা মুস্তারী যোগদানের পর বোয়ালিয়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
শহরের বিভিন্ন স্পটে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। ফলে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি অনেকটাই কমেছে।
রাতের টহল বাড়ানো হয়েছে কয়েকগুণ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানোয় ছিনতাই ও চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে। স্কুল-কলেজ ও বাজার এলাকায় নারী পুলিশসহ টহল টিম কাজ করছে। ইভটিজিংয়ের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
ওসি মাছুমা মুস্তারী বিশ্বাস করেন অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি নিজে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করছেন। বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করায় পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পাচ্ছে। এলাকার ছোট-বড় সমস্যা সমাধানে থানা এখন সরাসরি ভূমিকা রাখছে। তার নেতৃত্বে থানার ভেতরের পরিবেশেও এসেছে বড় পরিবর্তন। কোনো প্রকার দাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। জিডি, মামলা বা অন্যান্য সেবা নিতে এখন আর কাউকে বাড়তি অর্থ খরচ করতে হয় না। থানার প্রতিটি কার্যক্রম এখন ডিজিটাল মনিটরিংয়ের আওতায়।
মাত্র কয় এক মাসের ব্যবধানে বোয়ালিয়াবাসীর মাঝে ফিরেছে স্বস্তি ও আস্থা। ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ সবাই বলছেন, ওসি মাছুমা মুস্তারীর কঠোর অবস্থান ও জনবান্ধব কার্যক্রমের কারণেই বোয়ালিয়া এখন আগের চেয়ে অনেক নিরাপদ। স্থানীয়রা মনে করছেন, ওসি মাছুমা মুস্তারীর মতো একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা অচিরেই রাজশাহী মহানগরের একটি আদর্শ থানা হিসেবে পরিচিতি লাভ করবে।
