রাজশাহীর মানুষের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে যাত্রা শুরু করেছে ফুডিমার্ট। এখন থেকে অ্যাপে অর্ডার করলে মাত্র ১৫ মিনিটেই বাসার দরজায় পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য।গত বৃহস্পতিবার নগরের বোয়ালিয়া থানার মোড়ে ফুডিমার্টের অফিসে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এর আগে একই প্রতিষ্ঠানের ফুডি প্ল্যাটফর্ম রাজশাহীর বিভিন্ন রেস্তোরাঁর খাবার দ্রুত সরবরাহ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সেই সেবার পরিধি বাড়িয়ে এবার চালু করা হলো ফুডিমার্ট, যেখানে এক ছাদের নিচে মিলবে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব ধরনের গৃহস্থালি পণ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা এখন থেকে ফুডি অ্যাপের মাধ্যমেই ফুডিমার্টের সব পণ্য অর্ডার করতে পারবেন। অর্ডার নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।ফুডিমার্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ আনজামুল আহসান বলেন, রাজশাহীর মানুষকে দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যেই ফুডিমার্টের যাত্রা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে অর্ডার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি স্বল্পতম সময়ে প্রয়োজনীয় পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়াই তাদের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, শুধু দ্রুত সরবরাহ নয়, পণ্যের মান, নির্ভুল ডেলিভারি এবং গ্রাহকসেবার মান নিশ্চিত করেও তারা রাজশাহীর মানুষের আস্থা অর্জন করতে চান। ফুডিমার্টে খাদ্যপণ্য, পানীয়, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, শিশুর প্রয়োজনীয় পণ্য, রান্নাঘর ও গৃহস্থালির বিভিন্ন ব্যবহার্য সামগ্রীসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য পাওয়া যাবে। ভবিষ্যতে পণ্যের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
