রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্ড করে অনেকে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগের দিন রাকসু কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ভিপি বলেন, ‘‘আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?’’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলায় শিক্ষার্থীদের থেকে সাংবাদিকদের মাথাব্যথা বেশি উল্লেখ করে রাকসু ভিপি বলেন, “আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ‘ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।’ সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।”
সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
