সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা ও বিচার দাবি

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর শাহাদাতের এক বছর পূর্তি উপলক্ষে স্মরণসভা, দোয়া, সাংস্কৃতিক পরিবেশনা এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিশেষ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে “জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সাজিদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর উদ্যোগে কবিতা আবৃত্তি, কাওয়ালি, ফোক গান এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি হাবিবুর রহমান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক যায়েদ বিন ওসমান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আকমাদ গালিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন একজন সংস্কৃতিমনা শিক্ষার্থী। অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে তিনি ‘মেহফিল’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তার অকাল মৃত্যু সেই উদ্যোগকে থমকে দেয়। শাহাদাতবার্ষিকীতে তার স্মৃতিকে ধারণ করতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দোষীদের শনাক্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি হাবিবুর রহমান জুনায়েদ বলেন, “সাজিদ আব্দুল্লাহ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার প্রতিষ্ঠিত ‘মেহফিল’ ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। যারা এমন একজন প্রতিভাবান মানুষকে অকালে ঝরিয়ে দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. ফুয়াদ হাসান বলেন, “সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ড একটি রহস্যজনক ও সংঘবদ্ধ অপরাধ বলে আমরা মনে করি। হত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি তার প্রতিষ্ঠিত ‘মেহফিল’-এর কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।”

ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “সাজিদ আব্দুল্লাহ আমাদের একজন সহযোদ্ধা। তাকে কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্য, বিগত প্রশাসনের উদাসীনতায় ধীরে ধীরে তার হত্যাকাণ্ডটি আড়ালে চলে যাচ্ছিল। আজ তার প্রথম শাহাদাতবার্ষিকী না হলে নতুন অনেক শিক্ষার্থী হয়তো জানতেই পারত না, সাজিদ আব্দুল্লাহ নামে এই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তার পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ে তার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে একটি হলের নামকরণের উদ্যোগ নিতে হবে।”

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ বলেন, “সাজিদ আব্দুল্লাহ ছিলেন একজন হাস্যোজ্জ্বল, বিনয়ী এবং পবিত্র কুরআনের হাফেজ। কিন্তু শাহাদাতের এক বছর পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন তো দূরের কথা, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়াও অত্যন্ত উদ্বেগজনক এবং তৎকালীন প্রশাসনের ব্যর্থতার পরিচয় বহন করে। আমরা বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice