জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এরই অংশ হিসেবে আগামী ১১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের লাল ব্যাজ পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. মো. আসাদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১১ জুলাই দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে পরবর্তী সব আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
