রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আরএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত বিশেষ মাদক দমন টিম গত রোববার (২১ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)-কে গ্রেপ্তার করা হয়। তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) অভিযানের সময় কৌশলে পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানিয়েছে, ডিবি ও থানা পুলিশের পাশাপাশি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত বিশেষ মাদকবিরোধী টিমের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
