রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে বিশেষ পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন ) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নিরাপত্তা কর্মীরা যানবাহনের কাগজপত্র যাচাই, ট্রাফিক নিয়ম প্রতিপালন এবং বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে তদারকি করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। বিশেষ করে অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং অননুমোদিত যানবাহন প্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, “ক্যাম্পাস প্রশাসনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিগত সময়ে বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম চালু রাখা প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসে প্রবেশকারী বহিরাগতদের মোটরসাইকেলের কাগজপত্র ও বৈধতা যাচাই করলে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও নিশ্চিত হবে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি যে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরাই এসব দুর্ঘটনার শিকার হচ্ছেন। এরই অংশ হিসেবে আজ আমরা ক্যাম্পাসে এই চেকিং কার্যক্রম পরিচালনা করছি। আজকের এই কার্যক্রমের পর আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা সবাই মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখবেন এবং হেলমেট ব্যবহার করবেন। আমরা মনে করি, এ বিষয়ে সবাইকে সচেতন করতে পারলে দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট নেই, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ। প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট থাকলে কেউ হয়রানির শিকার হবেন না, তবে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করাও আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, এসময় প্রশাসন সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলা, সর্তকতা মূলক মামলা এবং ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানায়।
