পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটিতে রাবি উপাচার্য

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করতে সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এই সার্চ কমিটি কাজ করবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

৬ সদস্যবিশিষ্ট কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেককে সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর মোহাম্মদ তানজিমউদ্দীন খান, ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান। এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

পরিপত্রে কমিটির কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।
১. ভিসি নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা।
২. প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করা।
৩. বাছাইকৃত তিনজন প্রার্থীর মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে মনোনীত করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণ করা।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এই সার্চ কমিটির মাধ্যমে ভবিষ্যতে ভিসি নিয়োগ প্রক্রিয়া আরও জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আমরা আশাবাদী। শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice