রাজশাহীতে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ধরণের অস্ত্র, বোমা বানানোর তাজা সরঞ্জাম এবং স্নাইপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মুনতাসিরুল আলম অনিন্দ্য, এই অনিন্দ্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। এ সময় তার আরও দুই সহযোগিকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার নগরীর কাদিরগঞ্জে অনিন্দ্যর মালিকানাধীন ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত অনিন্দ্যর অন্যান্য সহযোগিরা হলেন রবিন ও ফয়সাল। শ্বাসরুদ্ধকর এই অভিযানটি চলে প্রায় ১৫ ঘণ্টা।
অভিযান পরিচালনার সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভীড় জমায়। ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিপুল সংখ্যক সেনাসদস্যের পাশাপাশি সিআইডি, ডিবি, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে অংশ নেয়। কোচিংয়ের সামনের পুকুরে অস্ত্রের মজুদ রয়েছে সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচেও অনুসন্ধান চালায়।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবিন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, বিদেশি ৭টি ধারালো ড্যাগার, ৫টি উন্নতমানের ওয়াকি-টকি সেট, একটি সামরিক মানের জিপিএস ট্র্যাকার, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ ক্যাশ- ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।
একপর্যায়ে বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। শত শত উৎসুক জনতার সামনেই নিষ্ক্রিয় করা হয় বোমা বানানোর এই তাজা সরঞ্জাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতাকে সরিয়ে দেন।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখান থেকে জানা যায়, দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এই অনিন্দ্য ঢাকার গুলশানে আলোচিত হলি আর্টিজেন অ্যাটাক ঘটনার মামলার একজন আসামি ছিলেন। এছাড়াও রাজশাহীতে আলোচিত হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর রেজাউল করিম সিদ্দিকির হত্যা মামলারও আসামি ছিলেন। সে সময় অনিন্দ্যকে পুলিশ গ্রেপ্তার করলেও ক্ষমতার প্রভাবে ছাড়িয়ে নেন চাচাতো ভাই রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন।
