শেকড়ে ফেরার বৈশাখ
— ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জহির
যদি আমি হতাম এক বেদুইন পথিক,
দিগন্ত ছুঁয়ে যেতাম নির্ভীক—
তুষারের দেশ, নীরবতার শহর,
অরণ্য, পর্বত, ইতিহাসের প্রহর।
খুঁজতাম শেকড়—
আমার বাংলার মাটির গভীর টানে,
সাগরের ঢেউকে জিজ্ঞেস করতাম গানে—
“কোথায় লুকিয়ে আছে আমার পরিচয়খানি?”
আমাজনের অন্ধকার, আফ্রিকার বিস্তৃতি,
ভয়ের চোখে চোখ রেখে দেখতাম জীবনের গতি—
অজানার বুক চিরে যত দূরেই যাই,
শেষে মন বলে ওঠে—বাংলাই আমায় চায়।
তুষারভূমির পাখির সুরে,
কেন যেন বাংলারই নূর ভেসে ওঠে দূরে—
মনে হয়, এই সুর, এই গান,
আমারই মাটির, আমারই প্রাণ।
বাংলা ছিল মেঘের ভেলায়,
ছিল নদীর কলতানে,
ছিল খালের জলে, বিলের ঢেউয়ে—
ছিল মানুষের ভালোবাসার টানে।
কে বলে বাংলা নবীন কেবল?
তার ইতিহাস কি এতই ক্ষণস্থল?
গৌড়ের ধ্বনি, নবদ্বীপের আলো,
ঢাকার প্রাণ—সবই তো তারই ভালো।
নগরের বয়স যতই হোক,
তার বীজ ছড়ায় যুগে যুগে—
এই মাটিতেই গড়ে উঠেছে
সহস্র স্বপ্ন মানুষের বুকে।
তাই আজ বৈশাখ ফিরে ফিরে
ডাকে আমাদের শেকড়ের নীড়ে—
মাটির গন্ধে, প্রাণের টানে,
খুঁজি আপনাকে নতুন প্রাণে।
এসো আজ নববর্ষের প্রভাতে,
মুছে ফেলি সব গ্লানি-অভিমানে—
বাংলার নামে, মানুষের তরে,
জাগি নতুন আলোর গানে।
শুভ নববর্ষ, ১লা বৈশাখ ১৪৩৩, ১৪ এপ্রিল ২০২৬,,
বাংলার জয় হোক,
মানবতার জয় হোক।
লেখক: ইসলামী চিন্তাবিদ, গবেষক ও কবি
কনসালট্যান্ট: এক্স এসিডিআই.ভোকা-ইউএসএইড, এসএমই ফাউন্ডেসন্স, টিজিএল ইন ভ্যালু এডেড ডেইরি প্রোডাক্টস।