বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

রাবিতে ইউনিস্যাবের আয়োজনে নতুন পোশাক পেল শতাধিক পথশিশু

রাবি প্রতিনিধি :
  • শনিবার, ৭ মার্চ, ২০২৬
ইউনিস্যাবের আয়োজনে নতুন পোশাক পেল শতাধিক পথশিশু
Share Now

সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় শতাধিক পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিভাগের ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

“ঈদের আনন্দ সবার”- পথশিশুদের পাশে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন-২০২৬’ প্রতিবাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে নতুন ঈদের পোশাক, খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালে যাত্রা শুরুর পর থেকে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন তরুণ সমাজকে নেতৃত্ব, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

সংগঠনটির কার্যক্রম প্রধানত দুটি ধারায় পরিচালিত হয়। একদিকে সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়; অন্যদিকে দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ, যার মাধ্যমে তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ব্যক্তিগত সক্ষমতা বিকাশে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

সামাজিক কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে নিয়মিত আয়োজন করা হয় “ঈদ ফর স্ট্রিট চিলড্রেন”, “প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার” এবং “উইক ফর হিউম্যানিটি”-এর মতো মানবিক কর্মসূচি। অন্যদিকে দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় “ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট”, “ইউনিস্যাব এমইউএন”, “ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট” এবং “ট্যালেন্ট হান্ট”-এর মতো আয়োজন তরুণদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম, অধ্যাপক জহুরুল আনিস এবং ইউনিস্যাব রাজশাহী বিভাগের লাইফটাইম অ্যালামনাই রাশেদুল ইসলাম সজীব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category