শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

নিউজ ডেস্ক
  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
Share Now

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনে দুই নেতার মধ্যে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়।

৭১ বিধিতে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি।’

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই এ বক্তব্য রেখেছেন। পয়েন্ট অফ অর্ডার চলমান বিষয়ের ওপর, এটা তো গতকালকের বিষয়। গতকালকেই শেষ হয়ে গেছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনও প্রয়োজন নেই।’ স্পিকার এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলে জানালেও বিরোধীদলীয় নেতা আরও কিছু বলতে চান কি না, তা জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে ‘মিথ্যা’। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান– তো এই মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপাঞ্জ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘উনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। সেটা ছিল যে যেখানে রুল ৬২ অনুসারে আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন উনাদের ওয়াক আউট করার অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হইলো কীভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য।’

বিরোধীদলীয় নেতা এর জবাব দিতে গিয়ে পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘বিভ্রান্তিটা এখানে। একই বিষয় একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে প্রস্তাবটি এক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনও ভুল তথ্য দেইনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category