শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

রাবিতে বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
রাবিতে বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত
Share Now

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং স্টার্টআপ সংস্কৃতি জোরদার করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৬’। ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ও ডিইআইইডি প্রকল্প সম্মিলিতভাবে এর আয়োজন করে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ও তথ্যপ্রযুক্তি বিভাগের অর্থায়নে আয়োজিত এই সামিটে প্রায় এক হাজার শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন। রাজশাহী বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামিটে সাধারণ অংশগ্রহণকারী, বিজনেস আইডিয়া কম্পিটিশন ও স্টার্টআপ শো-কেসিংয়ে অংশ নেন।

শতাধিক দলের অংশগ্রহণে বিজনেস আইডিয়া কম্পিটিশনে প্রতিযোগিতা হয়। সেখান থেকে ১০টি দল ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয় এবং বিজয়ীদের জন্য ২ লক্ষ টাকা প্রাইজপুল দেওয়া হয়। এছাড়াও রাজশাহীর তরুণ উদ্যোক্তারা মিলনায়তনের সামনে বিভিন্ন স্টলে তাদের পণ্য ও প্রোটোটাইপ প্রদর্শন করেন।

সামিটে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খাদেমুল ইসলাম মোল্লা।

বিভাগীয় স্টার্টআপ সামিটের অন্যতম আয়োজক ইউরিচের সহপ্রতিষ্ঠাতা তাহফিম হাসান মেহেদী বলেন, ‘বিভাগীয় স্টার্টআপ সামিটের মূল লক্ষ্য রাজশাহী বিভাগ থেকে তরুণ উদ্যোক্তা তৈরি করা এবং রিজিওনাল স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা। যেসব তরুণ উদ্যোক্তা হতে চায়, তাদেরকে প্রতিষ্ঠিত স্টার্টআপের সঙ্গে যুক্ত করা—যাতে তাদের ছোট ছোট উদ্যোগ সফলভাবে প্রতিষ্ঠিত হয়।’

উল্লেখ্য, ইউরিচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত একটি সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণা শেখানো এবং সামাজিক সমস্যা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহ তৈরি করতে বিভিন্ন আয়োজন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category