রাজশাহীতে জমি জবরদখলের চেষ্টা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় জমির সীমানাপ্রাচীর ভাঙা ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. শাজিনা আক্তার ওরফে শান্তা থানায় মামলা করেছেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীপক্ষের জমির সীমানাপ্রাচীর নির্মাণ ও জমির পাশ দিয়ে রাস্তা তৈরির চেষ্টা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়ায় শামিমা খাতুন ওরফে সীমার বাড়ির সামনে বাদীপক্ষের বাবার ক্রয়কৃত প্রায় তিন কাঠা জমি রয়েছে। ওই জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাদীপক্ষের জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা জমির সীমানাপ্রাচীর ভেঙে রাস্তা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, সীমানাপ্রাচীর মেরামত ও নির্মাণকাজের উদ্যোগ নিলে অভিযুক্তরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়। এ সময় বাদীকে মারধর, শ্লীলতাহানি এবং তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন বাদীর চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করেন। অন্য কয়েকজন তাঁর পরিহিত জামাকাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর গলায় থাকা আনুমানিক ১৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

বাদীর চিৎকার শুনে কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে মোছা: টুম্পা (২৮), মোছা: বিউটি (৩০), মো: রাজীব (৩৫), মোহা: আক্তার (৩০), রাজ্জাক আলী (৫৫), মো: আজম আলী (৪৫), মো: কাচু (৩৫), সুমন আলী (৪০) ও বাবুল (৪২)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, ঘটনার পর তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করেন বাদী।

এজাহারে সাক্ষী হিসেবে মো. ইমরান (৩৫), মো. জাহিদ হাসান (৪৮) ও মো. শুভ (২৮)-এর নাম উল্লেখ রয়েছে। তাঁদের পাশাপাশি ঘটনার বিষয়ে আরও কয়েকজন অবগত রয়েছেন বলে এজাহারে বলা হয়েছে।

জমির সীমানাপ্রাচীর ভাঙা, মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য ও মামলার তদন্তের অগ্রগতি নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice