দিল্লিতে এসআইআরবিরোধী বিক্ষোভ, আটক কয়েকজন

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার মিছিলটি নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

দিল্লির কনট প্লেস এলাকার বাংলা সাহিব গুরুদুয়ারা থেকে প্যাটেল চকের কাছে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত এ মিছিল ডাকে ‘পিপল অ্যাগেইনস্ট এসআইআর’ নামে একটি জোট। শিক্ষার্থী, কৃষক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন নিয়ে সপ্তাহখানেক আগে জোটটি গঠন হয়। শুক্রবারের মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও। গত ১৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে পিপল অ্যাগেইনস্ট এসআইআর জানিয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের এই মিছিল কোথাও পুলিশের অনুমতি চাইবে না। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করতে পুলিশ, আধা সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষের প্রতিও সতর্কবার্তা দিয়েছিল সংগঠনটি। ‘প্রতিটি গলি যন্তর মন্তর, প্রতিটি গ্রাম যন্তর মন্তর, আমার বাড়িই যন্তর মন্তর’– এই স্লোগানে ‘নো এসআইআর’ প্রচারাভিযান চালানোর পরিকল্পনা করেছে জোটটি।

কেরালায় বিক্ষোভ

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শুক্রবার কেরালা রাজ্যে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। সঙ্গে ছিল সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলো। এসআইআর নিয়ে বিতর্কের জেরে রাজ্যের নতুন গভর্নর ওম প্রকাশ মাথুর দায়িত্ব গ্রহণের দিনই লোকভবন অভিমুখে এ মিছিল বের করা হয়।

পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুক্রবার পাঞ্জাব বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা প্রস্তাবটি উত্থাপন করেন। এতে জ্ঞানেশ কুমার এবং ভোটার নিবন্ধন হালনাগাদে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তগুলোর বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে।

বৈঠক থেকে টিভিকে ও মিত্রদের ওয়াকআউট

তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ও তাদের জোটসঙ্গীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট করেছে। শুক্রবার চেন্নাইয়ের সচিবালয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা অর্চনা পট্টনায়েকের নেতৃত্বে এ বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের আইনমন্ত্রী সি টি আর নির্মল কুমার সাংবাদিকদের বলেন, এসআইআর চলাকালে ব্যাপক ভুলত্রুটি হয়েছে। এসবের দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছি।

সিজেপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ

সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গতকাল শুক্রবার দুপুরে দিল্লির মন্দির মার্গ থানায় হাজির হন। তাদের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তে হাজির হওয়ার জন্য পুলিশ তলব করলেও বৃহস্পতিবার তারা উপস্থিত হননি। থানার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অল্প সময়ের জন্য থামেন সৌরভ। এ সময় তিনি বলেন, পুলিশের কাছে কী ঘটে, তা দেখার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এর আগে বৃহস্পতিবার দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা সৌরভ, রাঙ্কা ও সিজেপির সদস্য অজিঙ্কা শিন্ডেকে দুটি মামলার তদন্তে অংশ নিতে নোটিশ দিয়েছিল। তবে তারা নির্ধারিত দিনে হাজির হননি। 

ইসির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে

নির্বাচন কমিশনের (ইসি) অভ্যন্তরীণ প্রশাসনিক দ্বন্দ্বের ঘটনা আবারও প্রকাশ্যে এসেছে। কমিশনের দুই নির্বাচন কমিশনার এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে লিখিত অভিযোগ করেন। কমিশনারদের অভিযোগ, কমিশনের পূর্বানুমোদন ছাড়াই ওই কর্মকর্তা দায়িত্ব পুনর্বণ্টন করেন। তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে পাওয়া ১৪ পৃষ্ঠার সরকারি নথির বরাতে এ তথ্য জানা গেছে।

কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিলেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দলটির কারণে সরকারের সমালোচনা ও ব্যবস্থার সংস্কার চাইছে– এমন আন্দোলনগুলোর কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে। 

গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এর মূল বক্তব্যে এ কথা বলেন মোদি। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মোদি ‘মানসিক নকশাল’, ‘ব্যর্থ পণ্য’ শব্দও ব্যবহার করেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice