মুম্বইয়ে বলিউড সুপার স্টার অমিতাভ বচ্চনের বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘জলসা’য় বিগ বি এবং তার পরিবারের সাথে দেখা করে মমতা বললেন ‘তারাই ভারতের ১ নম্বর পরিবার’। অমিতাভ বচ্চনের সাথে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমি তাকে (অমিতাভ বচ্চন) ভারতরত্ন বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি তাকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি তাকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’
বুধবার অমিতাভ বচ্চনের হাতে রাখিও পরিয়েছেন মমতা ব্যানার্জি। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এর আগেও বহুবার মুম্বইয়ে এসেছি। তবে এই প্রথম অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ হলো। অমিতাভজি, জয়াজি, অভিষেক জি, ঐশ্বর্য রাই, শ্বেতা, আরাধ্যা সকলের সথে কথা হয়েছে দেখা হয়েছে। তাদের সাথে পুরনো দিনের কথাও হয়েছে। অমিতাভজি কলকাতা থেকেই জীবনের শুরু করেছিলেন। তার পরিবারেরও অনেক অবদান রয়েছে।’ মমতা ব্যানার্জির কথাতে উঠে আসে জয়া বচ্চনের জনপ্রিয় বাংলা ছবি ‘ধন্যি মেয়ে’ ছবির কথাও।
মমতা ব্যানার্জি জানান, ‘অমিতাভ বচ্চনের পরিবারকে কলকাতায় দুর্গাপূজা দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছি। অমিতাভ বচ্চনজি না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। শাহরুখ, সালমানও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটজিও আসেন। আমি অমিতাভজিকে রাখি পরিয়েছি। তার সাথে মহারাষ্ট্রাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকেও রাখি পুর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু ভাইদের নয়, বোনদেরও রাখি বাঁধি। এটাই আমাদের পরম্পরা, কারণ নারী-পুরুষ আলাদা নয়।’
এদিন অমিতাভ, জয়া, ঐশ্বর্য, শ্বেতা, অভিষেক, আরাধ্যা, নব্যা নভেলি নন্দা সকলের সাথেই জলসার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় মমতা ব্যানার্জিকে। এদি জয়াকে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরতে দেখা যায় মমতা ব্যানার্জিকে।
উল্লেখ্য, বিরোধীদের লক্ষ্য এবার ‘জোট ইন্ডিয়ার মিশন ২৪’, বৃহস্পতি, শুক্রবার রয়েছে বিরোধীদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই মুম্বইয়ে গেছেন মমতা ব্যানার্জি।
সূত্র : হিন্দুস্তান টাইমস