অটোমেশনে জার্নাল সাবমিশন-রিভিউ চালু করছে রুয়েট

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশে অটোমেশন চালু করা হচ্ছে। এর আওতায় জার্নাল সাবমিশন, রিভিউ ও ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) গ্রহণের জন্য নতুন ওয়েবসাইট চালু করছে বিশ্ববিদ্যালয়টি।

আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অটোমেশনভিত্তিক ওয়েবসাইটটি রুয়েটের নিজস্ব জনবল দিয়ে তৈরি করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় ওয়েবসাইটটি তৈরি করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা কোনো ধরনের ম্যানুয়াল প্রক্রিয়া ছাড়াই অনলাইনে গবেষণাপত্র বা জার্নাল পেপার জমা দিতে পারবেন। একইসঙ্গে পেপারের রিভিউ কার্যক্রমও অনলাইনে সম্পন্ন করা যাবে। পাশাপাশি প্রকাশিত গবেষণাপত্রের জন্য ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) নম্বরও দেওয়া হবে।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত ‘জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স’ (GEAS)-এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন অ্যান্ড রিভিউ সিস্টেম এবং DOI প্রয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, জার্নালটির ভলিউম-৯ পর্যন্ত প্রকাশিত সংখ্যায় DOI নম্বর প্রয়োগের সুযোগ ছিল না। তবে ভলিউম-১০ থেকে জার্নালে DOI নম্বর দেওয়া শুরু হয়েছে। এর ফলে রুয়েটের গবেষণা প্রকাশনা আন্তর্জাতিকভাবে আরও সহজে শনাক্ত ও উদ্ধৃত হওয়ার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice