রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তিনির্ভর চিন্তাচর্চা, সমসাময়িক বিষয় বিশ্লেষণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নেয়।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। এছাড়া চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক এবং টুর্নামেন্টের সেরা বিতার্কিক—উভয় স্বীকৃতিই পান চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।
৩১ জুলাই প্রতিযোগিতার প্রথম দিনে রুয়েটের স্থাপত্য বিভাগ ভবনে নিবন্ধন ও টুর্নামেন্ট ব্রিফিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দিনব্যাপী চারটি প্রাথমিক রাউন্ড এবং সন্ধ্যায় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতা বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (WUDC) নীতিমালা অনুসারে ব্রিটিশ পার্লামেন্টারি (BP) পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে প্রতিটি দলে দুইজন করে বক্তা অংশগ্রহণ করেন।
১ আগস্ট প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত।” চারটি দল এ পর্বে অংশ নিয়ে তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন এবং বাগ্মিতার মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। এছাড়াও ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা, সাবেক নেতৃবৃন্দ, বিচারক, শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. তানভির হাসান বলেন, গত সাত বছর ধরে ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া সব দল, স্বেচ্ছাসেবক, ক্লাবের সদস্য, সাবেক সদস্য এবং শিক্ষকদের সহযোগিতায় এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও যুক্তিচর্চা ও বিতর্কের প্রসারে রুয়েট ডিবেটিং ক্লাব কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজের সক্ষমতা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক বন্ধন আরও সুদৃঢ় করতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
