বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। রোববার (২৮ জুন) প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং (ইইই) বিভাগের ২০১৬ সিরিজের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য পুলিশ ক্যাডারে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন।
উল্লেখ্য, এর আগেও তিনি ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। পরপর দুই বিসিএসে কৃতিত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করে তিনি রুয়েটের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন।
হাসান মাহমুদ তুর্য্যর শিক্ষাজীবনের শুরু নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিক শেষ করে তিনি নটরডেম কলেজ, ময়মনসিংহ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তাঁর এই সাফল্যে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা তাঁর এই অর্জনকে রুয়েটের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
