পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন।
এ মামলার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর আসামিরা হলেন, বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু, আলফাজ ওরফে এলাইস আব্বাস ও রফিক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনা এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা, ককটেল, বোমাসহ মিছিল বের করে। এ সময় পুলিশ বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশ কনস্টেবল শামীম মারা যান। এ ঘটনায় ১৮ জানুয়ারি উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই সিআইডির পুলিশ পরিদর্শক মো: আলী আক্কাছ আদালতে চার্জশিট দাখিল করেন।
সূত্র : বাসস
