যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কোর্ট জিআরও এএসআই মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌন হয়রানির মামলায় গত ২০ এপ্রিল মাছরাঙা টিভির সাংবাদিক গোলাম রাব্বানী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত তার আবেদন না মঞ্জুর করেন এবং কারাগের প্রেরণ করার আদেশ দেন। পরে একইদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, সাংবাদিক গোলাম রাব্বানীর মামলা নং- জিআর-২০/২০২৬। গত ২০ এপ্রিল শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শরমিন আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ থেকে ছয় সপ্তাহের জন্য জামিন পান। জামিনের মেয়াদ শেষে পুনরায় ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।