বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ-এর উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের হয়ে পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।
পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে বাউবির অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জেলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বিএনপি নেত্রী নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন তার ভাগ্নী ঈশিতা।
পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর নেওয়ার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল লক্ষ্য করেন। পরে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করেন এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
থানা হেফাজতে থাকা ঈশিতা জানান, নিপা খাতুন তার খালা। আত্মীয়তার সূত্রেই তিনি খালার হয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন।
অন্যদিকে, জালিয়াতির অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন দাবি করেন, পরীক্ষার সময় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সাময়িকভাবে তার ভাগ্নীকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলেন এবং মূলত পরীক্ষাটি তিনিই দিচ্ছিলেন। ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।