দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন ১১০ বছর বয়সী বৃদ্ধা জমেলা বেগম। বয়সের ভার আর অসুস্থতায় তার জীবন কাটছিল চার দেয়ালের মাঝে বন্দি হয়ে। অবশেষে তার এই বন্দি জীবনের অবসান ঘটলো। সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এক সহৃদয়বান নারীসহ কয়েকজনের সহযোগিতায় এই শতবর্ষী বৃদ্ধাকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজশাহীর সবজিপাড়া নিবাসী জমেলা বেগমের বাড়িতে গিয়ে এই হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর চলাফেরার একটি অবলম্বন পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এই বৃদ্ধা। হুইলচেয়ার উপহার পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এবং সে সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় জমেলা বেগম এই মহতী উদ্যোগের সাথে জড়িত সবার জন্য প্রাণভরে দোয়া করেন।
হুইলচেয়ার উপহার দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মাসুদুল মৃধা মোমিন, অ্যাডমিন ফাহিম, অন্যতম সদস্য বিপ্লব, মানিক এবং বাংলাদেশ আনসার ভিডিপির ১৮- নং ওয়ার্ড দলনেতা ও সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমরা প্রায় ১৮ বছর যাবৎ মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছি, তা যেন আমৃত্যু অব্যাহত রাখতে পারি।
আমাদের কাছে আরো বেশ কিছু হুইলচেয়ারের রিকুয়েষ্ট ও নলকূপ মেরামত ও স্থাপনের অনুরোধ আছে, আপনারা চাইলে এই কাজে আমাদের সহযোগিতা করতে পারেন এবং
বিপদে-আপদে সবসময় যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সে জন্যই সবার কাছে দোয়া চাই।”
