রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।

গত সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনকালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, পরদিনের মধ্যেই আইসিইউ পুনরায় চালু করা হবে। সেই ঘোষণার পরপরই প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করে আইসিইউ চালু করা হয়েছে।

সম্প্রতি দেশে হঠাৎ করে হাম (মিজলস) রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় অনেককেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এরই মধ্যে এক গুরুতর অসুস্থ শিশুর মৃত্যু হলে পরিস্থিতি পর্যবেক্ষণে মধ্যরাতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুযোগ-সুবিধার কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসাসেবায় কোনো অবহেলা নেই। পূর্বে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউটি বন্ধ ছিল। আমরা দ্রুত জনবল নিয়োগ দিয়ে এটি চালু করছি।

এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং ১ জন অ্যানেস্থেটিস্টকে সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন শেষে ৫ শয্যার আইসিইউ ইউনিট এখন রোগীদের জরুরি সেবা দিতে প্রস্তুত।

এদিকে, মাত্র ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম, জলাতঙ্ক, এইডস ও টিটেনাসসহ বিভিন্ন রোগের রোগী ভর্তি থাকায় চাপ সামাল দিতে পার্শ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের জন্য আলাদা একটি ইউনিট চালু করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice