সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) গভীর রাতে অভিযান দুটি পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় সোনামসজিদ বিওপি এর একটি বিশেষ টহল দল। এসময় মো: আলীম (৩২) নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স (Eskuf DX) সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে একই রাতে পৃথক আরেক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন (TENSIWIN) ট্যাবলেট উদ্ধার করে চকপাড়া বিওপি এর টহল দল।

আটক ব্যক্তিসহ উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল ফেন্সিডিল ও এর বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice