৮ মার্চ ২০২৬: বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কর্মচারীদের পেশাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (BMSA)’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, হাসপাতালের সেবার মান উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে সংগঠনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে হাসপাতালের স্বার্থে রাজনীতি ও প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা, কর্মচারীদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও সংগঠনের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
তারা আরও জানান, যেকোনো সংকটময় পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে তারা স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করবেন। কর্মচারীদের অসুস্থতা বা ব্যক্তিগত সংকটে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
এ সময় সংগঠনের পক্ষ থেকে মোহন আলী বলেন, “আমরা একটি লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছি—বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা। এই প্রতিষ্ঠানটি আমাদের সবার প্রাণের জায়গা। হাসপাতালের উন্নয়ন ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের মূলমন্ত্র।”
তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সেবার মান উন্নয়নে আমরা কাজ করব। একই সঙ্গে প্রতিটি কর্মীর মর্যাদা, ন্যায্য অধিকার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না; বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সুন্দর কর্মপরিবেশ গড়ে তোলা হবে।”
সবশেষে তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, “মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই হাসপাতালকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।”
