মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি বুলবুল
Share Now

এতিম শিশুদের সাথে ইফতার করেছেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে তিনি এই ইফতার করেন। এসময় জেলার বিভিন্ন মাদরাসা পড়ুয়া এতিম শিশুদের সাথে মতবিনিময় করেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, ইসলাম এতিমদের মর্যাদা ও সুরক্ষা দিয়েছে। এখানে উপস্থিত শিশুদের কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা-মা দুটোই নেই। এমন অবস্থায় অভাবে-অনাদরে বড় হওয়াটা কষ্টের এটাই স্বাভাবিক। অনেক মাদরাসা তাদেরকে দায়িত্ব নিয়ে মানুষের মত মানুষ করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে। এরপরেও বাবা মায়ের অভাব পূরণ করা কোনভাবেই সম্ভব নয়। যার কারনেই এতিম শিশুদের সুরক্ষা দিয়েছে ইসলাম এবং তাদেরকে সম্মান দিয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর রাসূল (সা:) বলেছেন, “আমি ও এতিমরা পাশাপাশি জান্নাতে অবস্থান করব।” অন্য কোন ইবাদত করে আল্লাহর রাসূলের পাশে জান্নাতে যাওয়ার কতটা সুযোগ আছে তা জানিনা, কিন্তু এতিম বন্ধুদের যারা লালন পালন করেন তাদের এই সুযোগ রয়েছে। এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই নির্দেশনা থেকেই আমরা সবসময় কল্যাণমূলক কাজের অংশ হিসেবে এতিম শিশুদের পাশে থাকতে চাই।

জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, আশা করি, তারা (এতিম) দুনিয়ায় সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মূলধারায় অংশগ্রহণ করবে এবং আখিরাতেও তারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবে। আমরা তাদেরকে দুনিয়া ও আখিরাতের উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। যে সমস্ত প্রতিষ্ঠানে এতিম শিশুদের লালন-পালন করা হয়, তাদের প্রতি অনুরোধ রইলো, তারা যেন এতিমদের প্রতি যথাযথ খেয়াল রাখেন। সেসকল প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকরসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category