ক্যান্সারে আক্রান্ত রাবির হল ক্যান্টিনকর্মীর স্ত্রীর পাশে ছাত্রদলকর্মী শাকিল

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনকর্মী রিপন শেখের স্ত্রী লিপি খাতুন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্বল্প আয়ের সংসারে স্ত্রীর চিকিৎসার প্রয়োজনীয় অর্থের অভাবে আটকে যায় স্ত্রীর অপারেশনও। এমন সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।

নিজের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এখন পর্যন্ত প্রায় ৪০-৫০ হাজার টাকা চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি অপারেশন-পরবর্তী চিকিৎসাতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রিপন শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ক্যান্টিনে কর্মরত। স্বল্প আয় দিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী নগরীর কাটাখালি এলাকায় বসবাস করেন তিনি। প্রায় এক মাস আগে তাঁর স্ত্রী লিপি খাতুনের জরায়ু ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন হলেও অর্থের সংকটে তা করাতে পারছিলেন না রিপন।

বর্তমানে লিপি খাতুন ঢাকার মিরপুরের ইবনেসিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অপারেশনের জন্য প্রায় ৬০-৭০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই অর্থ জোগাড় করতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যান রিপন শেখ।

রিপন শেখ বলেন, ‘প্রায় এক মাস ধরে আমার স্ত্রী জরায়ু ক্যান্সারে আক্রান্ত। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারছিলাম না। বর্তমানে আমার স্ত্রী ঢাকার মিরপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। শাকিল মামা নিজে এবং অন্যদের কাছ থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও আরও কয়েকজন সহযোগিতা করবেন বলে আমাকে জানিয়েছেন। তারা টাকা দিলে আমি ঢাকায় গিয়ে আমার স্ত্রীর অপারেশন করাব।’

তিনি আরও বলেন, ‘শাকিল মামারা আমার পাশে থাকায় আমি সাহস পাচ্ছি। অপারেশনের পরও যদি টাকা-পয়সার প্রয়োজন হয়, তখনও সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আল্লাহ মামাদের ভালো রাখুক।’

এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান বলেন, ‘হঠাৎ একদিন জানতে পারি, বিজয়-২৪ হলের ক্যান্টিনের কর্মচারী রিপন ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীকে বিষয়টি সম্পর্কে অবগত করি। সবার সম্মিলিত সহযোগিতায় তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।’

শাকিল দেওয়ান আরও বলেন, ‘কিছুদিন পর জানতে পারি, সবার সহযোগিতা পাওয়ার পরও প্রয়োজনীয় অর্থের ঘাটতি থাকায় তাঁর অপারেশনটি আটকে আছে। একজন মানুষের জীবন ও চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক দায়বদ্ধতা থেকেই পরবর্তীতে আমি তাঁর অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। রিপন ভাইয়ের স্ত্রীর চিকিৎসা যাতে অর্থের অভাবে বন্ধ না হয়ে যায়, সে জন্য আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। অপারেশনের পরও প্রয়োজন হলে তাঁর চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।’

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice