রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহী-ঢাকাসহ সারাদেশের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে রেললাইন মেরামত শেষে পুনরায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দিলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় কয়েকটি ট্রেন পথে আটকা পড়ে। এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকে ছিল বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।
খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইন মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তিনি আরও জানান, ভেঙে যাওয়া লাইনটি অনেক পুরাতন।
