রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে মোঃ আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বলা হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করি, সুস্থ সমাজ গড়ি—এই প্রত্যয়ে খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
