রাকসুর উদ্যোগে রাবির ১২টি হলে ফার্স্ট এইড বক্স বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)- এর উদ্যোগে ১২টি হল ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফার্স্ট এইড বক্স বিতরণ এবং ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাকসু ভবনে অবস্থিত কনফারেন্স রুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

জানা গেছে, রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসার উদ্যোগে ১২টি হলে (ছেলে-মেয়ে), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে এই ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকের মাধ্যমে ফার্স্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসা বলেন, আমাদের আজকের দেওয়া প্রাথমিক চিকিৎসা বক্স বৃহৎ কোনো চিকিৎসায় কাজে না আসলেও হঠাৎ যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার প্রাথমিক সেবা নিশ্চিত করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের এই আয়োজন থেকে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পেরেছি। হল সংসদ ও রাকসুর মূল কাজ হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সার্বিক দিক খেয়াল রাখা। আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি।

এ বিষয়ে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ আসে যে তারা ঠিকমতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছে না। আমরা রাকসুর প্রথম ও দ্বিতীয় অধিবেশনেও বিষয়টি উত্থাপন করেছি। সভাপতি জানিয়েছেন, বাজেটের ব্যবস্থা করা সম্ভব হলেও বিষয়টি বেশ সংবেদনশীল। মেডিকেল উন্নত করা হলেও কোনো দুর্ঘটনা ঘটলে ভাঙচুরের ঝুঁকি থাকে। নিরাপত্তার অভাবে ভালো মানের ডাক্তাররা এখানে কাজ করতে আগ্রহী নন, কারণ তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এই পরিস্থিতিতে এখন প্রাথমিকভাবে একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার সব ধরনের উপকরণ থাকবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর উদ্যোগে জরুরি মুহূর্তে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ওয়েলফেয়ারমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের স্বাভাবিক দায়িত্ব। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে এই প্রাথমিক চিকিৎসা তাদের জন্য সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় আয়োজনে আরও ছিলেন রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির, রাকসুর সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice