চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর শরিফা খাতুন (৬) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা খাতুন বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে আটক করেছে। তিনি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত শুক্রবার আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকা থেকে শরিফা নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির নানা আব্দুল করিম গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মকরমপুর এলাকায় একটি তাফসির মাহফিলে অংশ নিতে নানার সঙ্গে সেখানে গিয়েছিল শরিফা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, জিডির সূত্র ধরে সন্দেহভাজন অন্তরকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
