চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন, মো: রঞ্জু (৪০), দুরুল হুদা (৫৫) এবং আনোয়ার হোসেন (২৬)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম আসামি মো: রঞ্জুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। দ্বিতীয় আসামি দুরুল হুদাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তৃতীয় আসামি আনোয়ার হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম ও উপপরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
