পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) মধ্যরাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাটি পরিবহনের সময় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামের এক যুবককে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, তিনি সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এ নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে তার মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মা নদী ও স্পার বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice