চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে গোমস্তাপুর উপজেলার ঘোলাদিঘী বাজার পাকা সড়কে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো: আব্দুল ওযাদুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, জব্দ করা ট্যাবলেট গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
