রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিল নানা আয়োজন। রাত বারোটার প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। দিনভর ক্যাম্পাসে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরি। ভাষার জন্য আত্মত্যাগের স্মরণে ক্যাম্পাসজুড়ে ছিল এক ধরনের গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাকসু ও শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রতিযোগিতা শেষে উপাচার্য পত্নী প্রফেসর রায়হানা শাম্স ইসলাম পুরস্কার প্রদান করেন।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত। মোনাজাতের আগে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন ও কেন্দ্রীয় জামে মসজিদ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন বক্তৃতা দেন। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা; রাকসু, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice