চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপির ৬০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় এ যোগদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। তিনি যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

যোগদানকারীদের ভাষ্য অনুযায়ী, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আদর্শিক কারণে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তাদের দাবি, দলটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনীতি করে এবং মানুষের কল্যাণে কাজ করছে।

সভায় ড. কেরামত আলী বলেন, মানুষ সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশা করছে এবং নতুনদের যুক্ত হওয়ায় দল আরও শক্তিশালী হবে।

তবে দায়পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মফিজ মোড় এলাকায় কেউ জামায়াতে যোগ দিয়েছেন, এমন কোনো তথ্য তিনি পাননি।

পথসভায় জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice