একটি নিরাপদ ও বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই: বুলবুল

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। দুই ভাই দীর্ঘ ৩০ বছর একসঙ্গে (চাঁপাইনবাবগঞ্জ) শাসন করেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। একটি নিরাপদ ও বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়তে আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট চাই।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মাঠে গোবরাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল প্রতিকূলতার মাঝেও অতীত থেকে মানুষের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ইসলামবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করে এসেছে। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী সকল দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভিন্নধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে পাহারা দিয়েছে এবং তাদের পাশে থেকেছে। একই সঙ্গে জুলাই-আগস্টে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, যখন একটি দল দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তখন জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। আমরা চাই একটি নিরাপদ ও বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এটাই আমাদের লক্ষ্য।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃকালীন ফ্রি চিকিৎসা দেওয়া হবে। পাঁচ বছরের নিচে শিশু এবং ৬১ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। নারীদের জন্য কর্মঘণ্টা ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন করা হবে এবং ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেসব নারীরা চাকরি করতে চান, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তরুণ ও যুবকদের বিষয়ে তিনি বলেন, আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের পরিবারের বোঝা বানাতে চাই না; বরং কাজ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
তিনি বলেন, পদ্মা নদীর ভাঙনে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব এলাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রেল যোগাযোগের সার্বিক উন্নয়ন, গ্যাস সংযোগ আনার উদ্যোগ নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণের কাজ করা হবে।

গোবরাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাদিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice