শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

৬০ দিনের আগেই ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
৬০ দিনের আগেই ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু
Share Now

দুই মাসের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এসময় উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে। এ জন্য দুই মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের আগেই একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সেবাদানকারী দপ্তরগুলো পরিদর্শন করছি, যারা ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের সেবা প্রদান করে। এসব দপ্তরের কার্যক্রম কেমন চলছে এবং ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা পূরণ হচ্ছে কি না—সেটিই আমাদের মূল বিষয়।

তিনি আরও জানান, আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিয়ে অসন্তোষ রয়েছে। তারা মানসম্মত ইন্টারনেট সেবা পাচ্ছে না। যেহেতু আইসিটি সেন্টার এ দায়িত্বে রয়েছে, তাই এখানকার প্রশাসনের কাছে জানতে চেয়েছি, কীভাবে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ছাইফুল ইসলামসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেরে-ই-বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category