চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ হেলাল উদ্দিন (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বুধবার (১১ মার্চ) দুপুরে অভিযানটি পরিচালনা করে র্যাব-৫ সিপিসি-১ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুনগোলা কেডিসিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেলাল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানে তার শয়নকক্ষের বিছানার তোষকের নিচ থেকে ৫০ দশমিক ২৫ গ্রাম হেরোইন ও ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।
র্যাব আরও জানায়, অভিযানের সময় আসামির স্ত্রী আয়না বেগম (৪০) ও ছেলে হিমেল (২০) কৌশলে বাড়ির জানালার গ্রিল দিয়ে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে র্যাবের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।