রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫, রাজশাহীর একটি দল। এসময় অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগী আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনে অর্ডার নিয়ে জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করছিল। অভিযানে তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।