পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে চালু করা হয়েছে ‘রমজান হেল্প ডেস্ক’। রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস. এম. মাহমুদুল হাসান মিঠু’র উদ্যোগে এই হেল্প ডেস্ক কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ (ইবলিশের মাঠ) এবং শহিদ মিনার প্রাঙ্গণে হেল্প ডেস্কের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়। রমজানের প্রথম দিনেই প্রায় ৫০ জন শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
হেল্প ডেস্কে ইফতারকারীদের জন্য বসার উপযোগী পরিষ্কার প্লাস্টিক শিট, ফল কাটার জন্য ছুরি ও চপিং বোর্ড, ইফতার মেশানোর জন্য বড় ও ছোট গামলা, পানির বোতল, বিশুদ্ধ খাবার পানি, পানি সরবরাহের সুব্যবস্থা এবং উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ফেলার জন্য গার্বেজ ব্যাগ সরবরাহ করা হয়। এছাড়া ইফতার শেষে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয় এবং পরবর্তীতে উচ্ছিষ্ট ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলা হয়।
আজকের বুথ পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আর-রাফি খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম নাইম ও জাকির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাসিম, জিয়া হল ছাত্রনেতা সিয়াম ও জাহিদ, শাহ্ মখদুম হল ছাত্রনেতা আলতাফিন, সোহরাওয়ার্দী হল ছাত্রনেতা নিশানসহ আরও অনেকে।
এসময় ছাত্রনেতারা জানান, রমজান মাসব্যাপী শিক্ষার্থীদের সুবিধার্থে এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আর-রাফি খান বলেন, ঠিক এক বছর আগেও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং সফলভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও পুরো রমজান মাসজুড়ে আমাদের হেল্প ডেস্কের সেবা চলবে, ইনশাআল্লাহ।