চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’ এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ উল্লেখ করে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
অভিযানে গিয়ে মজুত যাচাই করে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।